
“গুজব লীগ” রাজপথে কিছু করার সামর্থ্য হারিয়েছে। দেশের বিভিন্ন জায়গায় বিবেকসম্পন্ন ছাত্র-জনতা যখন রাস্তায় নেমেছে, তখন তাদের মুখ দেখানোর মতো অবস্থাও নেই। বিগত ১৬ বছরে নিজেদের কর্মকাণ্ডে তারা চুনকালি মেখেছে। সম্প্রতি জামায়াত-বিএনপির মতপার্থক্যের আলোচনা দেখে যারা খুশি হচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, জামায়াত-বিএনপি আসলে ভাই ভাই। এমন মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগীয় অন্যতম সমন্বয়ক আবু সালেহ মো. নাছিম।
সোমবার (২৭ জানুয়ারি) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলা রোছমত আলী রাম সুন্দর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট, সুনামগঞ্জ ও দোয়ারাবাজারের সমন্বয়কারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আবু সালেহ মো. নাছিম বলেন, “গুজব লীগ যেন রাজপথে নামতে না পারে। মাঠে নামা তো দূরের কথা, তারা যদি কোথাও বিন্দুমাত্র গুজব ছড়ানোর চেষ্টাও করে, আমরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করব। এই দেশের ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবিলা করবে।
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের নেতাকর্মীরা চুনকালি মেখে নিজেরাই দেশ ছেড়ে পালিয়েছে। যদি তাদের নৈতিকতা থাকত, সৎ কাজ করত, সাহস থাকত, তাহলে এভাবে দেশ ছাড়ত না।
পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরে আলেম সমাজের ওপর আওয়ামী লীগের নৃশংসতার কথা উল্লেখ করে তিনি বলেন, “বিগত ১৬ বছরে আওয়ামী লীগ বিএনপি, জামায়াতসহ ফ্যাসিবাদবিরোধী প্রতিটি রাজনৈতিক দলকে গুম, হত্যা ও নির্যাতনের মাধ্যমে দমন করেছে।
