
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে উভয় পক্ষের আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন মুক্তিযোদ্ধাও রয়েছেন।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার ঘোষের পাড়া ইউনিয়নের কায়েতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জমি দখলের অভিযোগে প্রতিপক্ষ আনোয়ারুল ইসলাম, আশরাফ হোসেন, জাকির হোসেন, আক্তারুজ্জামান, তাদের বোন মাছুমা পারভীন এবং ভাতিজা আবিদসহ কয়েকজন লাঠি-সোঁটা নিয়ে মাঠে প্রবেশ করেন। অভিযোগ রয়েছে, তারা জমিতে রোপিত ধানের চারা উপড়ে ফেলে তা নষ্ট করেছেন।
এ সময় জমির মালিক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মো. শহীদুল্লাহর পরিবারের লোকজন ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা করা হয়। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিক্ষক শহীদুল্লাহ জানান, ১৯৮৯ সালে প্রতিপক্ষের কাছ থেকে সাফকবলা দলিলের মাধ্যমে জমি কিনে তিনি চাষাবাদ করছেন। তবে সম্প্রতি প্রতিপক্ষরা জমি তাদের বলে দাবি করে দখলের চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে এবং জমিতে প্রবেশ না করার বিষয়ে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। তিনি বলেন, “নিষেধাজ্ঞা অমান্য করে তারা জমিতে ঢুকে ধানের চারা নষ্ট করেছে। বাধা দিলে আমাদের ওপর হামলা চালায়। এতে আমার আত্মীয়-স্বজনসহ বীর মুক্তিযোদ্ধা ময়েজ উদ্দিনও আহত হন। তাকে মাথায় আঘাত করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।”
অন্যদিকে, প্রতিপক্ষ আনোয়ারুল ইসলাম তুহিন জানান, তাদের চাচা শহীদুল্লাহ মাস্টার তাদের নাবালক থাকা অবস্থায় জমি সাফকবলা দলিল করে নিয়েছেন, যা আইনসম্মত নয়। তাই তারা জমি নিজেদের বলে দাবি করেন।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ উজ্জামান জানান, “শিক্ষক শহীদুল্লাহর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
