
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ইসলামপুর ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার শিক্ষকদের প্রতি অশোভন আচরণের প্রতিবাদে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। সোমবার (৭ জুলাই) দুপুরে তারা মাদ্রাসা প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে এবং অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
মাদ্রাসার সুপার মোহাম্মদ আলী ভূঁইয়া জানান, আগামী ২১ জুলাই মাদ্রাসার পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল ৩ জুলাই বিকেল ৪টা পর্যন্ত। কিন্তু স্থানীয় এক ব্যক্তি ও কথিত বিএনপি নেতা আজির বেগ নির্ধারিত সময়ের পরে মনোনয়নপত্র জমা দিতে আসেন। সময়সীমা অতিক্রম করায় তা গ্রহণ না করায় তিনি ক্ষুব্ধ হয়ে সুপার ও এক অফিস সহকারীকে গালিগালাজ করেন।
ঘটনার পর শিক্ষার্থীরা এ আচরণের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে এবং অভিযুক্ত আজির বেগের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। পরে সুপার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে শিক্ষার্থীরা শান্ত হয় এবং পুনরায় ক্লাসে ফিরে যায়।
এ বিষয়ে অভিযুক্ত আজির বেগ অভিযোগ অস্বীকার করেছেন।
উল্লেখ্য, গত ২৫ জুন দোয়ারাবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মাদ্রাসা পরিচালনা কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, ১ জুলাই থেকে ৩ জুলাই বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ৭ জুলাই যাচাই-বাছাই, ১০ জুলাই মনোনয়ন প্রত্যাহার এবং ২১ জুলাই ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
