গাজীপুরে বন ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় নতুন সংগঠনের আত্মপ্রকাশ

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

স্টাফ রিপোর্টার :- “বন ও প্রাকৃতিক পরিবেশ ভবিষ্যৎ প্রজন্মের আমানত” — এই প্রত্যয়কে সামনে রেখে আত্মপ্রকাশ করেছে সামাজিক ও পরিবেশবাদী সংগঠন “বন ও পরিবেশ রক্ষা আন্দোলন”। পরিবেশ সংরক্ষণ, বনভূমি রক্ষা, বৃক্ষরোপণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংগঠনটির যাত্রা শুরু হয়েছে।

শুক্রবার (৮ মে) সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় সংগঠনটির ২৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এতে ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামকে আহ্বায়ক এবং মো. রাব্বিকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া কমিটিতে পাঁচজন যুগ্ম আহ্বায়ক, চারজন যুগ্ম সদস্য সচিব এবং বিভিন্ন পর্যায়ের সামাজিক ও তরুণ পরিবেশকর্মীদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, অবৈধভাবে বনভূমি দখল, বৃক্ষ নিধন ও পরিবেশ দূষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। একই সঙ্গে পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি, বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সামাজিক উদ্যোগের কোনো বিকল্প নেই।
সংগঠনটির পক্ষ থেকে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে পরিবেশ রক্ষার এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।