
গাজীপুরে দীর্ঘদিন ধরে পরিচিত ‘তারেক জিয়া রোড’ নাম পরিবর্তন করে নতুন মাইলফলক স্থাপনের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী। শুক্রবার (৮ মে) বিকেলে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের তালতলী তারেক জিয়া মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের অভিযোগ, এলাকার ঐতিহাসিক ও জনমনে প্রতিষ্ঠিত একটি সড়কের নাম ‘পরিকল্পিতভাবে’ পরিবর্তন করা হয়েছে—যা স্থানীয় মানুষের মতামতের পরিপন্থী।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, প্রায় ২৫ বছর ধরে সড়কটি ‘তারেক জিয়া রোড’ নামে পরিচিত। তাদের অভিযোগ—বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একটি কুচক্রী মহল এবং স্থানীয় এলজিইডি কর্তৃপক্ষ হঠাৎ সড়কের নাম পরিবর্তন করে ‘তালতলী মনিপুর সড়ক’ নামে নতুন মাইলফলক স্থাপন করেছে। এটি ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা বলেও তারা দাবি করেন।
বক্তারা জানান, ২০০৪ সালে গিয়াস উদ্দিন আল মামুনের মালিকানাধীন ওয়ান কম্পোজিট মিল লিমিটেড উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে এ এলাকায় আসেন তারেক রহমান। তখন সড়কের বেহাল দশা দেখে তিনি সংস্কারের নির্দেশ দেন। সেই থেকেই সড়কটি এলাকাবাসীর কাছে ‘তারেক জিয়া রোড’ নামে পরিচিতি পায়।
স্থানীয়দের দাবি, ২০১৫ সালের ২২ জানুয়ারির নাশকতা মামলার নথিতেও সড়কটির নাম ‘তারেক জিয়া রোড’ উল্লেখ রয়েছে। সরকারি নথিতে নাম থাকা সত্ত্বেও সড়কের নাম পরিবর্তনকে তারা ‘উদ্দেশ্যমূলক ও রাজনৈতিক’ বলে অভিযোগ করছেন।
গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও সাবেক ইউপি সদস্য রমজান আলী বলেন, ২০০৪ সালে তারেক রহমান এ এলাকায় সফর করে রাস্তার বেহাল অবস্থা দেখে সংস্কারের নির্দেশ দেন। এরপর থেকেই জনগণের কাছে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন এবং সড়কটি তার নামেই পরিচিতি পায়। এখন সেই নাম মুছে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।
গাজীপুর ওলামা দলের সভাপতি আমিনুল কাজী বলেন, ২০১৫ সালে গাড়ি পোড়ানোর মামলাতেও সড়কের নাম ‘তারেক জিয়া রোড’ উল্লেখ ছিল। বর্তমান প্রধানমন্ত্রীসহ স্থানীয় বিএনপি নেতাদেরও ওই মামলায় আসামি করা হয়। এখন পরিকল্পিতভাবে তারেক জিয়ার স্মৃতি মুছে দেওয়ার চেষ্টা চলছে।
গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম বলেন, ২৫ বছরের ইতিহাস বদলাতে চাইলেও মানুষের স্মৃতি থেকে এটি মুছে দেওয়া যাবে না। আমরা নাম পরিবর্তনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত ‘তারেক জিয়া রোড’ নামটি পুনর্বহাল, নাম পরিবর্তনের কারণ তদন্ত এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
গাজীপুর সদর উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী মো. ফাহাদ জানান, সড়কের নামকরণ কবে পরিবর্তন হয়েছে তা সঠিকভাবে বলতে পারব না। বর্তমানে সড়কটি ‘তালতলী মনিপুর রাস্তা’ নামে লিপিবদ্ধ রয়েছে। নাম পুনর্বিবেচনার জন্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রয়োজন।
