
গাজীপুর সদর উপজেলায় পৃথক দুই ঘটনায় এক কিশোরী আত্মহত্যা করেছে এবং বিদ্যুৎপৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) সকালে সদর উপজেলার ভিন্ন স্থানে ঘটনা দু’টি ঘটে।
সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বেগমপুর এলাকায় রহমত উদ্দিনের ভাড়া বাসায় ফাতেমা আক্তার (১৩) নামের এক কিশোরী আত্মহত্যা করে। নিহত ফাতেমা সাতক্ষীরা জেলার আশাশুনি থানার গোদাটা গ্রামের আবু তালেবের মেয়ে। সম্প্রতি তারা বেগমপুর এলাকায় ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাবার কাছে মোবাইল ফোন কেনার টাকা চায় ফাতেমা। কিন্তু বাবা টাকা দিতে না পারায় অভিমানে সে নিজ কক্ষে ওড়না পেঁচিয়ে দরজার আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের বড় ভাই নয়ন জানান, সকালে ফাতেমা দরজা না খুললে পরিবারের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
অন্যদিকে একই দিনে সকাল ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার শিরিরচলা এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শফিকুল ইসলাম (শফি) (৫৫) নামে এক ব্যক্তি মারা যান। তিনি স্থানীয় শরাফত আলীর ছেলে।
স্থানীয়রা জানান, গোসলের পানির গর্তে মোটর চালিয়ে পানি নিষ্কাশনের সময় মোটরের নিচে ময়লা আটকে যায়। এ অবস্থায় বিদ্যুৎ সংযোগ চালু থাকা অবস্থায় তিনি ময়লা পরিষ্কার করতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
জয়দেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও ভারপ্রাপ্ত ওসি নয়ন কুমার জানান, কিশোরীর মৃত্যুর ঘটনায় মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বিদ্যুৎপৃষ্টে শফিকুল ইসলামের মৃত্যুর বিষয়ে এখনো কোন তথ্য পাওয়া যায়নি। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
