গাজীপুরে জমি বিরোধে ৫টি আকাশমনি গাছ কাটার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news
স্টাফ রিপোর্টার :- গাজীপুর সদর উপজেলার পিরুজালী এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে একটি পরিবারের মালিকানাধীন পাঁচটি আকাশমনি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. নজরুল ইসলাম (৬৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পিরুজালী বকচরপাড়া গ্রামের বাসিন্দা মো. নজরুল ইসলাম দাবি করেন, তিনি পৈতৃক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত পিরুজালী মৌজার এসএ ১৫৬৪ ও আরএস ৩৪২৪ নম্বর দাগভুক্ত ১৬০ শতাংশ জমির বৈধ মালিক এবং দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে জমিটি ভোগদখল করে আসছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২৭ জুন সকাল আনুমানিক ১০টার দিকে তার অনুপস্থিতির সুযোগে একই এলাকার মোশারফ বেপারী, মো. রফিক এবং তাদের সঙ্গে থাকা আরও ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি তার জমিতে প্রবেশ করে পাঁচটি বড় আকাশমনি গাছ কেটে নিয়ে যায়। এতে তার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগীর দাবি, বিষয়টি জানতে পেরে তিনি প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে এবং থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেয়।
পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়-স্বজনের সঙ্গে পরামর্শ করে জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
এ বিষয়ে ভুক্তভোগী মো. নজরুল ইসলাম ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত মোশারফ বেপারী জানান, জমির সাথে আমার কোন সম্পৃক্ততা নাই। আমি জমির মালিকের কাছ থেকে গাছ কিনে সেই গাছ কাটতে গিয়েছি। এই বিষয়ে স্থানীয় চেয়ারম্যান সহ স্থানীয় বিএনপির সকল নেতারা অবগত আছেন।
 
অভিযোগের বিষয়ে জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ আল মামুন জানান, এখনো এই বিষয়ে কোন অভিযোগ পাইনি। যদি পাই তাহলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইগত ব‍্যবস্থা নেয়া হবে।