নয়াপাড়ায় শিশুদের প্রীতি ফুটবল ম্যাচ, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

স্টাফ রিপোর্টার :- গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নয়াপাড়া ভাওয়াল টাইগার্স ক্লাবের উদ্যোগে শিশুদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলাকে ঘিরে শিশু-কিশোর, অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য এবং ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী।
খেলা শেষে প্রধান মন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তিনি ক্লাব মাঠের চারপাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়াতে উপস্থিত শিশুদের মাঝে বিভিন্ন ধরনের ফলজ গাছের চারা বিতরণ করেন। এ সময় তিনি শিশুদের বেশি বেশি গাছ লাগানো, পরিচর্যা করা এবং পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এখন থেকেই পরিবেশ সচেতন করে তুলতে হবে।
আয়োজকরা জানান, শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, সুস্থ প্রজন্ম গঠন এবং পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।
প্রীতি ফুটবল ম্যাচ, বৃক্ষরোপণ এবং চারা বিতরণ কর্মসূচিকে ঘিরে দিনব্যাপী প্রাণবন্ত পরিবেশ বিরাজ করে। শিশুদের উচ্ছ্বাস, অভিভাবকদের উপস্থিতি এবং অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্যে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও অর্থবহ।