গাজীপুরে বন বিভাগের কর্মীদের ওপর হামলা, গ্রেপ্তার ১

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

রোকুনুজ্জামান খান, গাজীপুর সদর উপজেলায় বনের জমি দখল করে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণে বাধা দিতে গেলে স্থানীয়রা বন বিভাগের কর্মীদের ওপর হামলা চালায় এবং তাদের মারধর করে। এ ঘটনায় গৌরাঙ্গ চন্দ্র বর্মণ (৫০) নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।

সোমবার (৭ অক্টোবর) রাতে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গৌরাঙ্গ চন্দ্র বর্মণ সদর উপজেলার নয়াপাড়া গ্রামের জানমহন চন্দ্র বর্মন এর ছেলে।

পুলিশ জানায়, গত ১৪ সেপ্টেম্বর গৌরাঙ্গ চন্দ্র বর্মণসহ অন্যান্য ভূমিদস্যুরা দীর্ঘদিন ধরে বনের জমি দখল করে বসতি গড়ে তুলছিল। পরে বন বিভাগের পক্ষ থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ঘটনাস্থলে গেলে স্থানীয়রা বাধা দেয় এবং বন বিভাগের কর্মীদের ওপর আক্রমণ চালায়। এ ঘটনায় বন বিভাগের একজন কর্মকর্তা ৮জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গৌরাঙ্গ চন্দ্র বর্মণকে গ্রেপ্তার করা হয়।

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম জানান, বন কর্মীদের ওপর হামলার ঘটনায় গৌরাঙ্গ চন্দ্র বর্মণকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এছাড়া, অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ৫ই আগস্ট স্বৈরাচারী সরকার পতনের পর গেজেট ভুক্ত সরকারি জমি এবং বন বিভাগের ২নং খাস খতিয়ানের বনভূমিতে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণ করছে ভূমিদস্যুরা। পরে সরকারি জমিতে অবৈধ স্থাপনা না করার জন্য সেনাবাহিনীর সহায়তায় এলাকায় ব্যাপক মাইকিং করা হয়। পরে গত ১৪ সেপ্টেম্বর অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ঘটনাস্থলে গেলে ভূমিদস্যুদের হামলার শিকার হয় বন কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *