কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, মিলনমেলায় পরিণত অনুষ্ঠান

print news

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে দৈনিক কালবেলা পত্রিকার জেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানটি জেলার রাজনৈতিক, সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১০টায় কুড়িগ্রাম পৌরসভার ঘোষপাড়ায় মোল্লা মার্কেটের তৃতীয় তলায় আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, সাবেক সংসদ সদস্য উমর ফারুখ, কুড়িগ্রাম জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বজলুর রশিদ, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাফুজার রহমান খন্দকার, জেলা প্রেসক্লাবের সভাপতি অনিরুদ্ধ রেজা, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি মো. রাশিদুল ইসলাম রাশেদ, জেলা এনসিপির মিডিয়া মুখপাত্র সাংবাদিক রাশেদুজ্জামান তাওহীদ, কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক সাইয়েদ আহমেদ বাবু, ঘোষপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক অলিল মোল্লা এবং জেলা টাউন ক্লাবের যুগ্ম সম্পাদক মাসুদ রানা বাবু।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ইদ্রিস আলী, মো. রাশেদুল ইসলাম রিপন, সাইফুদ্দিন এপোলো ও আবু দারদা হেলাল এবং জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিক এবং সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।

এ সময় রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিকতাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মতিন ফারুকী।

কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় চালুর মধ্য দিয়ে স্থানীয় সংবাদ সংগ্রহ, জনদুর্ভোগ ও সম্ভাবনার চিত্র তুলে ধরা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো জাতীয় পর্যায়ে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পত্রিকাটি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক কালবেলার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবু।