গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

print news

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী শাহরিয়ার মাহমুদ মুসুলী তুষারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী শাহরিয়ার মাহমুদ মুসুলী তুষারের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ভাওয়ালগড় ইউনিয়নের জেসন গেট এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে ভবানীপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন শাহরিয়ার মাহমুদ মুসুলী তুষার। তিনি বলেন, বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। তাঁরা বিভিন্ন সময়ে নির্জন ও জনশূন্য এলাকায় মিছিল করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, গাজীপুর সদর উপজেলা ছাত্রদল রাজপথে আছে। নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীদের রাজপথেই প্রতিহত করা হবে।

এ সময় গাজীপুর সদর উপজেলা ছাত্রদলসহ মির্জাপুর, পিরুজালী, ভাওয়ালগড় ও বাড়ীয়া ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।