গাজীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও গুলি’ ইউপি সদস্য গ্রেপ্তার

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

গাজীপুর সদর উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আলী আজগর শেখকে গ্রেপ্তার করেছে জয়দেবপুর থানা পুলিশ। সোমবার (৭ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. আলী আজগর শেখ গাজীপুরের ভাওয়ালগড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার এবং সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসির ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, জানাকু এলাকায় তিনি দীর্ঘদিন ধরে বসবাস করছেন এবং তার বিরুদ্ধে আধিপত্য বিস্তার, জমি দখল এবং পুলিশের সাথে হাত মিলিয়ে বিভিন্ন সময় সাধারণ মানুষকে হয়রানি সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম জানান, গত ৫ই আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি চালানোর ঘটনায় একজন গুরুতর আহত হন। আহতের পরিবারের দায়ের করা মামলায় অভিযুক্ত আলী আজগর শেখকে সোমবার গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *