গাজীপুর সদর উপজেলায় অপরাধ দমনে সেনাবাহিনীর টহল অভিযান

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

রোকুনুজ্জামান খান: গাজীপুর সদর উপজেলার মোড়গুলোতে এখন চলছে সেনাবাহিনীর সক্রিয় টহল অভিযান। অপরাধ দমন ও অপরাধীদের ধরতে যৌথভাবে অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী। সাম্প্রতিক সময়ে উপজেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে।

রোববার বিকেলে সদর উপজেলার বিভিন্ন আঞ্চলিক ও মহাসড়ক ঘুরে দেখা যায়, হোতাপাড়া, ভবানীপুর, মেম্বার বাড়ি, বাঘের বাজার ও নতুন বাজারসহ বিভিন্ন এলাকায় সন্দেহজনক লোকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের সতর্কতামূলক পরামর্শ দেওয়া হচ্ছে।

জানা গেছে, পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও এই অভিযানে অংশ নিচ্ছে, যা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, গাজীপুর সদর উপজেলায় অবৈধ অস্ত্র, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

অভিযান চলাকালে সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন সড়কে টহল দিচ্ছেন এবং সন্দেহজনক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছেন। প্রশাসন সকল নাগরিককে সহযোগিতা করতে আহ্বান জানিয়েছে এবং এ বিষয়ে কোনো তথ্য থাকলে তা জানানোর জন্য অনুরোধ করেছে।

এছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে পূজা মণ্ডপগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অন্যান্য বছরের মতো এবারও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে সেনাবাহিনী সার্বক্ষণিক নজরদারি রাখবে। পূজা মণ্ডপগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর টহলও থাকবে বলে জানা গেছে।

উল্লেখ্য, যৌথ অভিযান শুরুর পর থেকে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকেই আশা করছেন, এই কঠোর পদক্ষেপের মাধ্যমে গাজীপুর সদর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *