কালিয়াকৈরে খাস জমিতে ঘর দেওয়ার প্রলোভনে টাকা আত্মসাতের অভিযোগ

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

গাজীপুরের কালিয়াকৈরে সরকারী খাস জমিতে ঘর করে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে। ঘর না দেওয়ায় টাকা ফেরত চাইলে ভুক্তভোগীর পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে। এ ঘটনায় স্বর্ণ মালা (৫৯) নামে এক নারী কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার বরাবর আরেকটি অভিযোগ দিয়েছেন।

অভিযোগপত্রে বলা হয়, স্বর্ণ মালা ও তার পরিবার দীর্ঘদিন ধরে সরকারী জমিতে বসবাস করে আসছেন। প্রায় দুই বছর আগে বাসাকৈর দক্ষিণপাড়ার হেলাল উদ্দিন (৩৫) নিজেকে ভূমিহীন ছাত্র জনতা ঐক্য পরিষদের সভাপতি পরিচয় দিয়ে এবং রাজিব (৩০) নিজেকে নেতা পরিচয় দিয়ে স্বর্ণ মালাকে খাস জমিতে সরকারি একটি ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এর বিনিময়ে প্রথমে তারা ৪০ হাজার টাকা দাবি করেন।

গত বছরের ১২ জানুয়ারি স্বর্ণ মালা নগদ ও কিস্তিতে মোট ৪০ হাজার টাকা পরিশোধ করেন। পরে ঘর পাকা করার কথা বলে ২০২৪ সাল থেকে চলতি বছর পর্যন্ত প্রতি মাসে ৪ হাজার টাকা করে আরও ৭৬ হাজার টাকা নেন অভিযুক্তরা। তবুও ঘর না দেওয়ায় তিন মাস আগে তারা আরও ৮০ হাজার টাকা দাবি করলে স্বর্ণ মালা বন বিভাগের উপকারভোগী হিসেবে পাওয়া নিজের প্লটের চেক ভেঙে সেই টাকা প্রদান করেন। স্ট্যাম্পে লেনদেনের উল্লেখ থাকলেও ঘর দেওয়া হয়নি।

ভুক্তভোগীর অভিযোগ, গত ১১ সেপ্টেম্বর পূর্বপাড়া এলাকায় টাকা ও কাগজপত্র ফেরত চাইতে গেলে হেলাল ও রাজিব অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দেন। তারা আরও ৭০ হাজার টাকা দাবি করে হুমকি দেন যে, টাকা না দিলে স্ট্যাম্পে বেশি টাকা লিখে উল্টো ভুক্তভোগীদের বড় ধরনের ক্ষতি করবে।

পরবর্তীতে ১৫ সেপ্টেম্বর রাতে দেশীয় অস্ত্র নিয়ে স্বর্ণ মালার বাড়িতে প্রবেশ করে তারা চেক ভাঙানো ৭০ হাজার টাকা এবং অতিরিক্ত ৫ হাজার ৫০০ টাকা জোরপূর্বক নিয়ে যায়। এ সময় মামলা বা অভিযোগ করলে স্বর্ণ মালা, তার ছেলে রনি কান্ত বর্মন ও ছেলের স্ত্রীকে হত্যার হুমকি দেন।

স্বর্ণ মালার দাবি, অভিযুক্তরা “ভূমিহীন ছাত্র জনতা ঐক্য পরিষদ” সংগঠনের আহবায়ক/সভাপতি হিসাবে পরিচয় দিয়ে এলাকার আরও অনেক মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা এবং মোট ২ লাখ ৭১ হাজার ৫০০ টাকা উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত হেলাল উদ্দিন মুঠোফোনে বলেন, স্বর্ণ মালা মানসিকভাবে অসুস্থ। সে অনেকের বিরুদ্ধেই অভিযোগ করে। আমরা কোনো সংগঠনের নামে টাকা নিয়েছি বা ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি—এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) সফিউল্লাহ জানান, স্বর্ণ মালা যে টাকা হেলাল উদ্দিনকে দিয়েছিলেন, তা ফেরত দেওয়া হয়েছে এবং বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *