
সারাদেশে পরিকল্পিত আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদলের নেতাকর্মীরা।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।
গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল শেষে মহাসড়কের পাশে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও মানুষের অধিকার হরণের বিরুদ্ধে যুবদল রাজপথে রয়েছে। গণতান্ত্রিক অধিকার ও মানুষের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের সাবেক তথ্য ও যোগাযোগবিষয়ক সম্পাদক হাজী আরিফ, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক রতন ও আবুল কাশেম।
এ ছাড়া মিলন মাহমুদ, মামুন শিকদার, আব্দুল ওহাব, এমদাদুল হক, মাসুদ রানা, বদিউজ্জামান, তাইজুল ইসলাম, শিবলু, সুমন, রুবেল ও আবুল কালামসহ ভাওয়ালগড় ইউনিয়ন যুবদল এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।