জাতীয় সংসদে জলবায়ু ও পরিবেশ নিয়ে তরুণদের নীতিগত প্রস্তাব

print news

প্রথমবারের মতো জাতীয় সংসদে অনুষ্ঠিত হয়েছে জলবায়ু ও পরিবেশ বিষয়ক তরুণদের দিনব্যাপী নীতিনির্ধারণমূলক আলোচনা। তরুণদের নিয়ে কাজ করা ইয়াঙ্গো লেড ব্রাইটার্স ফাউন্ডেশনের আয়োজনে এবং ইউনেস্কো, ইউনিসেফ ও পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন জলবায়ু ও পরিবেশভিত্তিক সংগঠনের তরুণ কর্মীরা অংশ নেন।

IMG 20261001 215757

অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সুরক্ষা, স্থানীয় পর্যায়ের পরিবেশগত সমস্যা ও জনস্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তরুণরা। পাশাপাশি এসব সমস্যা সমাধানে নীতিগত পদক্ষেপ এবং তরুণদের মতামত জাতীয় নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচনায় গাজীপুরের প্রতিনিধি হিসেবে স্বাস্থ্য ও পরিবেশকর্মী মো. নাঈম হোসাইন অংশ নেন। তিনি গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্যসংক্রান্ত সমস্যাগুলো তুলে ধরেন।

বিশেষ করে গাজীপুরের ভাওয়ালের শালবন রক্ষা, বন উজাড় ও বনভূমির অবক্ষয় রোধ, পানি দূষণ বন্ধ, নদী ও জলাশয় দখল রোধ এবং পোশাক শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো তুলে ধরেন তিনি।

এসব সমস্যা মোকাবিলায় পরিবেশ আইন কার্যকরভাবে বাস্তবায়ন, স্থানীয় জনগণের অংশগ্রহণ বৃদ্ধি, দূষণ নিয়ন্ত্রণে নজরদারি জোরদার এবং পোশাক শ্রমিকদের জন্য স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা জানান নাঈম হোসাইন।

তিনি বলেন, স্থানীয় পর্যায়ের পরিবেশ ও জনস্বাস্থ্য সমস্যাগুলো জাতীয় নীতিনির্ধারণী আলোচনায় গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। তরুণরা শুধু সমস্যার কথা বলতে চায় না; গবেষণাভিত্তিক তথ্য ও বাস্তবসম্মত সমাধান নিয়ে নীতিনির্ধারণী প্রক্রিয়ায় অংশ নিতে চায়।

দিনব্যাপী আলোচনায় অংশ নেওয়া তরুণ প্রতিনিধিরা জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য, তরুণদের অংশগ্রহণ ও জলবায়ু ন্যায়বিচারসহ বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত ও নীতিগত প্রস্তাব তুলে ধরেন।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, এসব আলোচনা ও প্রস্তাবের মাধ্যমে আসন্ন আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনকে সামনে রেখে বাংলাদেশের তরুণদের অগ্রাধিকার, উদ্বেগ ও প্রত্যাশা নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।