
গাজীপুরে অবৈধভাবে স্থাপিত লাইসেন্সবিহীন করাতকলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বন বিভাগ। এ সময় কয়েকটি করাতকল উচ্ছেদ করে বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।
গত বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গাজীপুর সদর উপজেলার ভাওয়াল রেঞ্জের বিকেবাড়ি বিট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিভাগীয় বন কর্মকর্তা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা-এর দিকনির্দেশনায় এবং সহকারী বন সংরক্ষক, গাজীপুরের সার্বিক সহযোগিতায় অভিযান পরিচালিত হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন জিয়াউল হাসান সৌরভ। অভিযানে নেতৃত্ব দেন ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হক।
এ সময় সংশ্লিষ্ট বিটের বিট কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযানে অবৈধভাবে স্থাপিত কয়েকটি লাইসেন্সবিহীন করাতকল উচ্ছেদ করা হয়। এ সময় করাতকলের বডি, চাকা, স্যালো মেশিন, বেল্ট, পানির ছোট পাম্পসহ বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, বনভূমি, বনজ সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় অবৈধ স্থাপনা ও লাইসেন্সবিহীন করাতকলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান বিষয়ে ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, বন ও বনজ সম্পদ রক্ষায় লাইসেন্সবিহীন করাতকলের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ করাতকলের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।