
গাজীপুরের টঙ্গীতে সরকারি হাসপাতালের ওষুধ খোলাবাজারে বিক্রির অভিযোগে একটি ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গীর বিসিক এলাকায় অভিযান চালিয়ে ফকির মার্কেট সংলগ্ন লিয়ন ফার্মেসিকে এ জরিমানা করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন গাজীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আফসানা পারভিন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সরকারি হাসপাতালের মূল্যবান ওষুধ কিছু ফার্মেসিতে উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে।
সেই তথ্যের সূত্র ধরে লিয়ন ফার্মেসিতে অভিযান চালিয়ে তিন ধরনের সরকারি ওষুধ উদ্ধার করা হয়। পরে সংশ্লিষ্ট ফার্মেসির মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ওষুধগুলো জব্দ করা হয়।
তিনি আরো বলেন, সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি ওষুধ কেউ যেন অবৈধভাবে বাজারে বিক্রি করতে না পারে, সে লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
