
গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেড নামের একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা ১২ দফা দাবি জানিয়ে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ওই কারখানার শ্রমিকেরা কারখানায় প্রবেশ করে কাজে যোগ না দিয়ে হাজিরা বোনাস বৃদ্ধির দাবিসহ কয়েকটি দাবি জানিয়ে কারখানার অ্যাসেম্বলি পয়েন্টে অবস্থান নেন। পরে, বেলা সাড়ে ৯টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
জানা যায়, সোমবার সকালে শ্রমিকরা ১২ দফা দাবি জানিয়ে কারখানার ভেতরে অবস্থান নেন। পরে, কারখানা কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিলে তারা মহাসড়ক অবরোধ করেন। এরপর, কারখানা কর্তৃপক্ষ তাদের হাজিরা বোনাস, টিফিন বিল, নাইট বিলসহ ৮টি দাবি মেনে নেয়। ১২টি দাবি থেকে ৮টি দাবি মেনে নেওয়ার পরও বাকি চারটি দাবি মেনে নেওয়ার জন্য তারা মহাসড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যান।
এতে সকাল থেকেই মহাসড়কের ওই অংশের আশপাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। মহাসড়কে চলাচলকারী দূরপাল্লার বাসসহ ব্যক্তিগত যানবাহন আঞ্চলিক সড়ক হয়ে চলাচল করে।
পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে শ্রমিকদের দাবির বিষয়ে মালিক পক্ষের সাথে কথা বলেন। এরপর মালিক পক্ষ থেকে শ্রমিকদের সকল দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে বেলা ১২টার দিকে তারা মহাসড়ক থেকে সরে আসেন। এ সময় প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
গাজীপুর শিল্প পুলিশের (জোন-২) পরিদর্শক নিতাই চন্দ্র সরকার জানান, সকাল থেকে শ্রমিকরা মহাসড়কে আন্দোলন করছেন। এতে চান্দনা চৌরাস্তা থেকে মাওনা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে আলোচনা করে শ্রমিকদের সকল দাবি মেনে নেওয়া হয়েছে। পরে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে বাড়ি ফিরে গেছেন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
