
গাজীপুরের টঙ্গীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনায় আবু ইসহাক রুহুল্লাহ্ (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান। তাছাড়া গাজীপুর সেনাবাহিনী ক্যাম্পের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।
গ্রেপ্তার আবু ইসহাক রুহুল্লাহ্ (২৪) বিপ্লবী ছাত্র পরিষদের সহকারী সদস্য সচিব।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর এলাকায় একটি কারখানার ঝুট ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে শুক্রবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আবু ইসহাক রুহুল্লাহ্কে শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর অভিযান চালিয়ে যৌথ বাহিনীর সদস্যরা আবু ইসহাক রুহুল্লাহ্কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ভোরে সেনাবাহিনীর একটি দল আবু ইসহাক রুহুল্লাহ্কে থানায় হস্তান্তর করেছে। পরবর্তীতে আমরা আদালতে প্রেরণ করেছি।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে টঙ্গী পশ্চিম থানার গাজীপুর এলাকায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। সংঘর্ষ চলাকালে পুলিশসহ অন্তত ৫ জন আহত হন।
