
আওয়ামী লীগের ‘নৈরাজ্য’ প্রতিহত করার লক্ষ্যে গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইউনুছ আলী নছ মিয়ার নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে গাজীপুরের বাঘের বাজার এলাকা থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু হয়। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে ভবানীপুর ইউটার্ন ঘুরে আবার বাঘের বাজার এলাকায় এসে শোভাযাত্রাটি শেষ হয়।
এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতা মাসুদ কাইয়া, আমিনুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে ইউনুছ আলী নছ মিয়া বলেন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু এবং গাজীপুর সদর উপজেলা বিএনপির নির্দেশনা অনুযায়ী তারা সবসময় রাজপথে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। কোথাও যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি না হয়, সে বিষয়ে তারা সতর্ক রয়েছেন।