গাজীপুরে বোতাম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

স্টাফ রিপোর্টার: গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি বোতাম তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

রোববার দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামে অবস্থিত ‘এম অ্যান্ড ইউ ট্রিমস’ কারখানায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন।

বেলা ৪টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কারখানা কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, দুপুরে কারখানার কেমিক্যাল গুদামে হঠাৎ করে আগুন লাগে। এরপর দ্রুত কয়েকটি ড্রাম বিস্ফোরিত হয়। এ ঘটনায় কারখানার শ্রমিকরা আতঙ্কে ছোটাছুটি করতে থাকে।

আগুন নিয়ন্ত্রণে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি, রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিসের দুটি এবং শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা আল মামুন।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *