
যমুনা নদীর ওপর নির্মিত রেল সেতুর নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সিরাজগঞ্জ ও টাঙ্গাইলকে সংযুক্তকারী এই রেল সেতুর পূর্বের নাম ছিল ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল সেতু’। নতুন নামকরণ অনুযায়ী, এটি এখন ‘যমুনা রেল সেতু’ নামে পরিচিত হবে।
আজ রবিবার দুপুরে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, “যমুনা নদীতে নির্মিত রেল সেতুর নাম আর বঙ্গবন্ধু রেল সেতু থাকছে না। এটি এখন ‘যমুনা রেল সেতু’ নামেই উদ্বোধন করা হবে।” ২০২৫ সালের জানুয়ারি মাসে সেতুটি উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, ২০২০ সালের ৩ মার্চ বিগত সরকার বঙ্গবন্ধু বহুমুখী সেতুর সমান্তরালে ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের ৪.৮০ কিলোমিটার দীর্ঘ রেল সেতু নির্মাণের পরিকল্পনা অনুমোদন করে। প্রকল্পের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছিল ১৬ হাজার ৭৮০ কোটি টাকা।
এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ছিল ৪ হাজার ৬৩১ কোটি টাকা, এবং জাপানের উন্নয়ন সংস্থা জাইকা (JICA) ১২ হাজার ১৪৯ কোটি টাকা অর্থায়ন করে।
