গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

স্টাফ রিপোর্টার:- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) প্রো-ভিসি পদে ড. মো. জাহিদুর রহমান-কে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

১১ জুন অনুষ্ঠিত শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের ঐতিহ্য, স্বকীয়তা ও অভ্যন্তরীণ নেতৃত্ব বিকাশের ধারার সঙ্গে এই সিদ্ধান্ত সাংঘর্ষিক। তারা দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে নিয়োগটি পুনর্বিবেচনা করে প্রতিষ্ঠানের নিজস্ব যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকদের মধ্য থেকে প্রো-ভিসি নিয়োগ দেওয়া হোক।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক দায়িত্ব পালনের সক্ষমতা ও অভিজ্ঞতা সম্পন্ন অনেক জ্যেষ্ঠ শিক্ষক থাকা সত্ত্বেও বহিরাগত কাউকে এ পদে নিয়োগ দেওয়ায় শিক্ষক সমাজে হতাশা সৃষ্টি হয়েছে।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নাসরিন আক্তার আইভী বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে এর শিক্ষকরা উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাই গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিজস্ব শিক্ষক সমাজের যোগ্যতা ও অভিজ্ঞতাকে মূল্যায়ন করা উচিত।
বিবৃতিতে শিক্ষক নেতারা আরও বলেন, এটি শুধু একটি প্রশাসনিক নিয়োগের বিষয় নয়; বরং বিশ্ববিদ্যালয়ের মর্যাদা, পরিচয় ও প্রাতিষ্ঠানিক বিকাশের সঙ্গে সম্পৃক্ত। তারা নিয়োগের সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তর থেকে যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিকে প্রো-ভিসি পদে নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি সতর্ক করে বলেন, দাবি উপেক্ষিত হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হতে পারে।