মাওলানা সাদের অনুসারী মোয়াজ বিন নূর ৩ দিনের রিমান্ডে

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

স্টাফ রিপোর্টার: গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ নিয়ে সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী মোয়াজ বিন নূরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার সকালে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলমগীর আল মামুন তার রিমান্ড মঞ্জুর করেন বলে জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান।

মোয়াজ বিন নূর (৪০) ঢাকার উত্তরা ৭ নম্বর সেক্টরের নূর মোহাম্মদের ছেলে। তিনি তাবলিগ জামাতের সদস্য এবং মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মুখপাত্র।

রাজধানীর নিকুঞ্জ এলাকার ওমর ইবনে খাত্তাব মাদরাসার অধ্যক্ষ মোয়াজ বিন নূরকে গত শুক্রবার ভোরে পুলিশ গ্রেপ্তার করে।

ওসি ইস্কান্দার হাবিবুর রহমান জানান, গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে গত ১৮ ডিসেম্বর রাতে সংঘর্ষে তিনজন নিহত হন।

এ ঘটনায় মাওলানা জুবায়েরের অনুসারী এস এম আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা করেন। মামলায় মাওলানা সাদের ২৯ জন অনুসারীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকশ জনকে আসামি করা হয়। ওই মামলার পাঁচ নম্বর আসামি মোয়াজ বিন নূর।

ওসি আরও জানান, শুক্রবার গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হলে রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করেন আদালত।

রোববার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মোয়াজ বিন নূরকে আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়।

তবে শুনানি শেষে বিচারক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *