
বেনাপোল প্রতিনিধি: ১১ ডিসেম্বর বাঙালির জাতীয় জীবনের অন্যতম স্মরণীয় দিন। কেবল যশোর নয়, গোটা দেশের জন্যই দিনটি গৌরবের। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে প্রথম পাকিস্তানি হানাদারমুক্ত জেলা শহর হিসেবে যশোর স্থান করে নেয়। এ দিনই ঐতিহাসিক যশোর টাউন হল ময়দানে স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রথম জনসভা অনুষ্ঠিত হয়।
এই ঐতিহাসিক জনসভায় ভাষণ দেন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, সংসদ সদস্য ফণীভূষণ মজুমদার, রওশন আলী, মোশাররফ হোসেন, তবিবর রহমান সরদার, যশোর জেলা আওয়ামী লীগের কৃষি সম্পাদক মোহাম্মদ সোহরাব হোসেন, দপ্তর সম্পাদক আশরাফ আলী, লেখক এম আর আকতার মুকুল এবং চলচ্চিত্রকার জহির রায়হান প্রমুখ।
প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ তাঁর বক্তব্যে বলেন, “আর ধ্বংস নয়, যুদ্ধ নয়। এ মুহূর্তে কাজ হলো যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলা।” তিনি জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “অপরাধী যেই হোক, তাকে আইনের হাতে সোপর্দ করবেন। স্বাধীন দেশে ধর্মভিত্তিক রাজনীতি চলবে না। জামায়াত, মুসলিম লীগ এবং নেজামে ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করা হলো।”
জনসভাটি এমন সময়ে অনুষ্ঠিত হয়, যখন যশোরের আশপাশে যুদ্ধ চলছিল। বিশেষত, খুলনায় পাকিস্তানি সেনারা শেষ চেষ্টা চালাচ্ছিল। খুলনা ১৭ ডিসেম্বর মুক্ত হয়, আর এর আগের দিন ১৬ ডিসেম্বর ঢাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর প্রায় এক লাখ সেনা আত্মসমর্পণ করে।
তাজউদ্দীন আহমদ পেট্রাপোল-বেনাপোল সীমান্ত হয়ে যশোর শহরে আসেন এবং জনসভা শেষে সড়কপথে কলকাতায় ফিরে যান। জনসভা কাভার করতে উপস্থিত ছিলেন লন্ডনের ডেইলি টেলিগ্রাফ, নিউইয়র্ক টাইমস, বালটিমোর সান, এবং ওয়াশিংটন পোস্ট-এর প্রতিনিধিসহ বহু বিদেশি সাংবাদিক।
১৯৭১ সালের ৬ ডিসেম্বর যশোরে পাকিস্তানের নবম ডিভিশনের সঙ্গে ভারতীয় নবম পদাতিক এবং চতুর্থ মাউন্টেন ডিভিশনের প্রচণ্ড লড়াইয়ের পর পাকিস্তানি সেনারা পরাজয় নিশ্চিত বুঝতে পেরে পলায়ন করে। যশোর সেনানিবাসের পতনের পর পাকিস্তানিদের মনোবল ভেঙে যায় এবং প্রদেশের পশ্চিমাঞ্চলীয় প্রতিরক্ষাও প্রায় ভেঙে পড়ে।
১১ ডিসেম্বরের টাউন হল ময়দানের ঐতিহাসিক জনসভা মুক্তিযুদ্ধের বিজয় ও স্বাধীনতার ইতিহাসে এক অনন্য অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে রয়েছে। যশোর এভাবেই প্রথম শত্রুমুক্ত জেলা শহরের গৌরব অর্জন করে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
