গাজীপুরে গ্যাস পাইপ স্থাপনের সময় দেয়াল ধসে প্রাণ হারালেন এক শ্রমিক

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

স্টাফ রিপোর্টার: গাজীপুর সদর উপজেলায় রিফাত এলুমিনিয়াম প্যাকেজিং লিমিটেড কারখানার গ্যাসের পাইপ স্থাপনের কাজ চলাকালে আরেক কারখানার দেয়াল ধসে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে সালাউদ্দিন মাঝি (৬০) নামে এক শ্রমিক নিহত এবং আরও দু’জন শ্রমিক গুরুতর আহত হয়েছে।

খবর পেয়ে শ্রীপুর ও রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করা হয়।

সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বানিয়ারচালা মেম্বারবাড়ি এলাকায় প্যারাগন পোল্ট্রি কারখানার দেয়াল ধসে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন মাঝি সদর উপজেলার মনিপুর নামাপাড়া গ্রামের বাসিন্দা বাকর উদ্দিন মাঝির ছেলে।

স্থানীয়রা জানান, বানিয়ারচালা এলাকায় এলুমিনিয়াম প্যাকেজিং লিমিটেড কারখানার গ্যাসের পাইপ স্থাপনের জন্য রাস্তা কেটে কাজ চলছিল। এ সময় প্যারাগন পোল্ট্রি ফিড মিলের দেয়ালে ফাটল দেখা দেয়। এ ঘটনায় স্থানীয়রা ও কারখানার লোকজন নিরাপত্তার স্বার্থে কাজ বন্ধ রাখার অনুরোধ করেন। কিন্তু রিফাত এলুমিনিয়াম প্যাকেজিং কর্তৃপক্ষ তা উপেক্ষা করে কাজ চালিয়ে যান। কিছুক্ষণ পরই রাস্তার পাশে থাকা প্যারাগন পোল্ট্রি ফিড মিলের কারখানার দেয়াল ধসে পড়ে এবং তিনজন শ্রমিক আহত হন। তাৎক্ষণিকভাবে দু’জনকে উদ্ধার করা সম্ভব হলেও একজন আটকা পড়েন, এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা নিহতের মরদেহ উদ্ধার করেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান,
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে রিফাত এলুমিনিয়াম প্যাকেজিং লিমিটেড কারখানার কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, এবং নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে মামলা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *