জিয়াউর রহমানকে যারা হত্যা করেছে, তারাই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ধ্বংস করতে চায়: এমপি বাচ্চু

print news

যারা এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করতে চায়, দেশের ওপর আগ্রাসন চালাতে এবং আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়, তারাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে গাজীপুর সদর উপজেলায় আয়োজিত এক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, বিগত স্বৈরাচারী সরকারের দীর্ঘ ১৭ বছরে বিএনপির প্রায় তিন হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে। ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত যেভাবে জাসদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল, সেই ইতিহাসও স্মরণ করতে হবে।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী সরকার পালিয়ে গেলেও তাদের প্রেতাত্মারা বিভিন্নভাবে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। এ কারণে সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকতে হবে, যাতে স্বৈরাচারী শক্তি আবারও এ দেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং দেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে।

এসময় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লী ও সদস্য সচিব আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী ও মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক মুসল্লী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এমদাদুল হক মুসল্লী, আবুল বাসার, কাজী শহিদুল্লাহ শহীদ, মুজিবুর রহমান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাজিম সরকার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন, জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর শিকদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, সদস্য সচিব ইউনুছ আলী নছ মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাযহারুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণ ও মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর সদর উপজেলা বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে নেতাকর্মীরা একটি র‌্যালি বের করেন। র‌্যালিটি মির্জাপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।