মুক্তিযোদ্ধা কলেজে একই ব্যক্তির দুই পদে দায়িত্ব, পদ ছাড়তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চিঠি

print news

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুরে অবস্থিত মুক্তিযোদ্ধা কলেজের পরিচালনা কমিটির সভাপতি মো. হাসান উদ্দিন সরকারকে একই সঙ্গে প্রতিষ্ঠাতা সদস্য হয়ে দুটি পদে দায়িত্ব পালন না করে যেকোনো একটি পদ থেকে পদত্যাগ করে জাতীয় বিশ্ববিদ্যালয়কে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। গত ১৬ আগস্ট জারি করা ওই চিঠির বিষয় উল্লেখ করা হয়েছে—‘অবহিতকরণ প্রসঙ্গে’।

চিঠিতে বলা হয়, মুক্তিযোদ্ধা কলেজের বর্তমান সভাপতি মো. হাসান উদ্দিন সরকার একই সঙ্গে সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি ও পরিপত্র অনুযায়ী, একই ব্যক্তির একাধিক পদে দায়িত্ব পালন করা বিধিসম্মত নয়।

এ কারণে চিঠি পাওয়ার পরবর্তী তিন মাসের মধ্যে দুটি পদের যেকোনো একটি থেকে পদত্যাগ করে বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়কে অবহিত করতে বলা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে অবহিত করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ নির্দেশনার পর কলেজটির পরিচালনা কমিটিতে একই ব্যক্তির একাধিক পদে দায়িত্ব পালন নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সভাপতি মো. হাসান উদ্দিন সরকার কোন পদে থাকছেন এবং কোন পদ থেকে সরে দাঁড়াচ্ছেন, এখন সেটিই দেখার বিষয়।

কলেজটির বর্তমান সভাপতি মো. হাসান উদ্দিন সরকার জানান, এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমি একটি চিঠি পেয়েছি। সরকার যে সিদ্ধান্ত দেয় আমি তা মেনে চলবো।