
গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জটিল হার্নিয়ায় ভুগতে থাকা ৭০ বছর বয়সী এক বৃদ্ধের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই রোগীর অস্ত্রোপচার করা হয়। তিনি বাম পাশের কুঁচকির অংশে সৃষ্ট অসম্পূর্ণ পরোক্ষ হার্নিয়ায় আক্রান্ত ছিলেন। পাশাপাশি তাঁর উচ্চ রক্তচাপের সমস্যাও ছিল।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও শারীরিক প্রস্তুতি সম্পন্ন করার পর হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডা. আহমেদ কবির চৌধুরীর নেতৃত্বে অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়। তাঁকে সহযোগিতা করেন মেডিকেল অফিসার ডা. মো. আল নাফিস।
অস্ত্রোপচারের সময় প্রয়োজনীয় অ্যানেস্থেসিয়া ও ব্যথা নিয়ন্ত্রণের চিকিৎসা দেন জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেসিওলজি) ডা. বাসুদেব দাস।
অস্ত্রোপচার শেষে রোগীর শারীরিক অবস্থা সন্তোষজনক রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসক ও নার্সদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসক সংকট, সীমিত জনবল ও নানা সীমাবদ্ধতার মধ্যেও শ্রীপুর উপজেলার বিপুল জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
স্থানীয়দের মতে, উপজেলা পর্যায়ের একটি সরকারি হাসপাতালে এ ধরনের জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়া সাধারণ মানুষের জন্য স্বল্প খরচে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও বাড়াবে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে বলা হয়েছে, সীমাবদ্ধতার মধ্যেও মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কার্যক্রম অব্যাহত থাকবে।