
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, ‘রাজবন্দীদের’ মুক্তির দাবি এবং শ্রীপুর উপজেলা ও পৌর যুবলীগের নবগঠিত কমিটি ঘোষণা উপলক্ষে যুবলীগের আনন্দ মিছিলের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জয়দেবপুর থানা পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকায় জেলা যুবলীগের ব্যানারে এ মিছিল বের করা হয়। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। ওই ঘটনায় মিছিলের আয়োজন ও অংশগ্রহণের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বানিয়াচালা এলাকার হযরত আলীর ছেলে পলাশ সরকার (২২), ভবানীপুর এলাকার মৃত হাফিজের ছেলে সোহানুর রহমান মনির (৪৪) এবং মনিপুর এলাকার মৃত ইমান আলীর ছেলে নাজমুল ইসলাম।
পুলিশের তথ্যমতে, পলাশ সরকার ভাওয়ালগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি, সোহানুর রহমান মনির গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য এবং নাজমুল ইসলাম গাজীপুর সদর থানা যুবলীগের সহ-সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলা ও পৌর যুবলীগের নবগঠিত কমিটি ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ‘রাজবন্দীদের’ মুক্তির দাবিতে আনন্দ মিছিলের আয়োজন করা হয়। এতে গাজীপুর জেলা যুবলীগের নেতাকর্মীরাও অংশ নেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, এ ঘটনায় জয়দেবপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে এটি মামলা দায়ের করা হয়েছে। সে মামলার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করে শনিবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
এদিকে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়েও তদন্ত করা হচ্ছে। এবং ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে তাদের আইনের আওতায়ন হবে।