
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ১১ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা কুড়িগ্রাম জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত পরিচয়পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার জেলার সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা, জেলা পুলিশের কার্যক্রম এবং জনবান্ধব পুলিশিংয়ের বিভিন্ন দিক সম্পর্কে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের অবহিত করেন। পাশাপাশি তিনি তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম; কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা; উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম, পিপিএম; এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. আসাদ আহম্মেদ রনি।
মাঠ সমীক্ষার অংশ হিসেবে এই জেলা পরিদর্শন প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের বাস্তব কর্মপরিবেশ, আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা, জনসম্পৃক্ততা ও নাগরিক সেবা প্রদানের কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কুড়িগ্রাম জেলায় আগত ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী কর্মকর্তারা সমন্বিত প্রচেষ্টা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধের মাধ্যমে নাগরিক সেবা আরও দ্রুত, কার্যকর ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন।