দোয়ারাবাজারে এমপি মিলনের প্রায় ২০০ কোটি টাকার প্রকল্প ঘোষণা

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে অনুষ্ঠিত উন্নয়ন সভায় প্রায় ২০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছেন সুনামগঞ্জ-৫ (দোয়ারাবাজার-ছাতক) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
বুধবার (৬ মে) সকালে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সড়ক যোগাযোগ ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দোয়ারাবাজার ও ছাতক উপজেলাকে আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলা হবে।
সভায় জানানো হয়, সড়ক উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে ব্রিটিশ পয়েন্ট- বাংলাবাজার, দোয়ারা-বোগলা, বাংলাবাজার-হকনগর-বোগলা বাজার, আমবাড়ি-বদরপুর-রামপুর এবং গুরেশপুরসহ বিভিন্ন সড়ক নির্মাণ ও সংস্কারে কয়েক দশ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে।
শিক্ষা খাতে ১০টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কার কাজের জন্য বরাদ্দ ঘোষণা করা হয়। পাশাপাশি প্রাথমিক শিক্ষার উন্নয়নে একাধিক বিদ্যালয়ে নতুন ভবন, উর্ধ্বমুখী সম্প্রসারণ এবং বাউন্ডারি দেয়াল নির্মাণের পরিকল্পনা তুলে ধরা হয়।
দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খছরুর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু ও আলহাজ্ব আব্দুল বারী।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে দ্রুত প্রকল্প বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়।