১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন: গাজীপুর-৩ আসনে ধানের শীষের এস এম রফিকুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news
স্টাফ রিপোর্টার গাজীপুর: ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ (গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলা) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম রফিকুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
 
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন।
 
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ আসনে মোট ভোটার ছিলেন ৫ লাখ ২৩ হাজার ২২২ জন। এর মধ্যে ভোট প্রদান করেন ৩ লাখ ৮৬০ জন। বাতিল হয় ৭ হাজার ৬৯২ ভোট। ফলে বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ২ লাখ ৯৩ হাজার ১৬৮। মোট ১৮০টি ভোটকেন্দ্রের ফলাফলের ভিত্তিতে এ বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
 
ফলাফলে ধানের শীষ প্রতীকে এস এম রফিকুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের প্রার্থী মুহাম্মদ এহসানুল হক, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত জোটের প্রার্থী, পেয়েছেন ৯৯ হাজার ৩৫৪ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৬১ হাজার ৯০৪।
 
এছাড়া স্বতন্ত্র প্রার্থী মোঃ ইজাদুর রহমান চৌধুরী (ঘোড়া) পেয়েছেন ২১ হাজার ৮৪৩ ভোট। হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আলমগীর হোসেন পেয়েছেন ৫ হাজার ৯৮৩ ভোট। মিনার প্রতীকে ইসলামী ঐক্যজোট-এর হাঃ মাঃ মুফতি শামীম আহমদ পেয়েছেন ২ হাজার ২৯৫ ভোট। লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি প্রার্থী মোঃ নাজিম উদ্দিন পেয়েছেন ১ হাজার ৯৫৫ ভোট এবং মই প্রতীকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর আশিকুল ইসলাম পিয়াল পেয়েছেন ৪৮০ ভোট।
একইসঙ্গে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৮১ হাজার ৯০৪ এবং ‘না’ ভোট পড়েছে ৭৫ হাজার ৫৬৮। এতে ‘হ্যাঁ’ ভোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
 
বেসরকারি ফলাফল ঘোষণার পর ধানের শীষের প্রার্থীর সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন এলাকায় মিছিল ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।