গাজীপুরে দলীয় আদেশ অমান্য করায় জাসাস নেতা বহিষ্কার

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ড এবং আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গাজীপুর জেলার শ্রীপুর পৌর জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা ( জাসাসের) সদস্য সচিব আল-আমিন মোল্লাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (দফতরের দায়িত্বে) মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাসাসের কেন্দ্রীয় নির্দেশনা অমান্য ও সংগঠনের স্বার্থবিরোধী কাজে লিপ্ত হওয়ায় তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তার ওপর বহিষ্কারের নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এর আগে একই বিষয়ে পৃথক এক আবেদনে গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু দলীয় উচ্চপর্যায়ে আল-আমিন মোল্লার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

চিঠিতে তিনি উল্লেখ করেন, আল-আমিন বিভিন্ন সময় দলীয় শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত ছিলেন, যার ফলে স্থানীয়ভাবে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বিশেষ করে দলীয় সিদ্ধান্ত অমান্য এবং সন্দেহজনক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ এনে তিনি দল থেকে তার সাংগঠনিক বহিষ্কারের অনুমোদন চান।

রফিকুল ইসলাম বাচ্চু বলেন, দলের শৃঙ্খলা রক্ষা আমাদের সবার সর্বোচ্চ দায়িত্ব। কিন্তু আল-আমিন মোল্লা বারবার সংগঠনের নির্দেশনা উপেক্ষা করে এমন কর্মকাণ্ডে জড়িয়েছেন, যা দলকে বিব্রত করেছে এবং মাঠের কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। দলের স্বার্থ সুরক্ষায় তার বিরুদ্ধে জরুরি ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া ছাড়া বিকল্প নেই।