গাজীপুরে হাজিরা বোনাস বৃদ্ধিসহ ১১দফা দাবীতে মহাসড়ক অবরোধ 

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

গাজীপুর সদর উপজেলা বাঘের বাজার এলাকায় হাজিরা বোনাস বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কারখানার শ্রমিকরা।

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে তারা বিক্ষোভ শুরু করেন। পরে দুপুর ১টার দিকে শ্রমিকদের দাবি মেনে নিলে তারা বাড়ি ফিরে যান। 
 
জানা যায়, বিভিন্ন সময় গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় মন্ডল ইন্টিমেটস লিমিটেড কারখানার শ্রমিকরা হাজিরা বোনাস বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন পরে  রোববার (২২ সেপ্টেম্বর) সকালে তারা কারখানায় এসে কাজে যোগ না দিয়ে হাজিরা বোনাস বৃদ্ধিসহ ১১ দফা দাবি জানিয়ে বাঘের বাজার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী ও ময়মনসিংহগামী উভয় লেন দখল করে রাখেন।
 
এতে মহাসড়কের ওই অংশে ব্যাপক যানজট সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন ওই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্য, শিল্প পুলিশ ও জয়দেবপুর থানা পুলিশ কাজ করে।
 
অপরদিকে, রোববার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে গাজীপুরের শ্রীপুর উপজেলার নতুনবাজার এলাকার অ্যাসরোটেক্স লিমিটেডের শ্রমিকরা ন্যূনতম হাজিরা বোনাস এক হাজার টাকা ও টিফিন বিল বৃদ্ধিসহ গ্রেড অনুযায়ী বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করেন। দুপুরের দিকে কারখানার কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা বাসায় ফিরে যান।
 
শিল্প পুলিশের শ্রীপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার এসএম আজিজুল হক বলেন, দুটি কারখানার শ্রমিকরা আন্দোলন করছেন। এর মধ্যে হাজিরা বোনাস বৃদ্ধিসহ ১১ দফা দাবি জানিয়ে মন্ডল ইন্টিমেটস লিমিটেডের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। আমরা দুটি কারখানার কর্তৃপক্ষের সাথে আলোচনা করছি। মন্ডল ইন্টিমেটস লিমিটেড কারখানার শ্রমিকদের দাবি মেনে নেওয়া হলে তারা মহাসড়ক থেকে সরে গিয়ে বাড়ি ফিরে যান। এদিকে, অ্যাসরোটেক্স লিমিটেড কারখানার মালিকপক্ষের সাথে কথা চলছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *