
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা সীমান্ত দিয়ে চোরাইপথে আনা ৯টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১৫ জুন ২০২৫) ভোররাতে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধীন বাঁশতলা বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ১নং বাংলাবাজার ইউনিয়নের খাশিয়াপাড়া এলাকায় সীমান্ত পিলার ১২৩০/৯-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোর ৩টা ৫০ মিনিটে মালিকবিহীন অবস্থায় ৯টি ভারতীয় গরু আটক করা হয়। গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৬৫ হাজার টাকা।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে।”
আটককৃত গরুগুলো শুল্ক গোডাউনে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।
