যশোরের বেনাপোলে পারিবারিক কলহে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলাটিপে হত্যার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৪ জুন) ভোররাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি বিরাজ করছে আতঙ্ক।

নিহতরা হলেন—রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মনিরুজ্জামান (৫২) এবং তার স্ত্রী রেহানা খাতুন (৪৫)। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুজ্জামান পেশায় ভিক্ষুক ছিলেন। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তাদের হত্যা করা হয়েছে।

গ্রামবাসীরা জানান, সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন ঘরের ভেতরে রেহানার নিথর দেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন ছুটে এসে মরদেহ দেখতে পান। কিছুক্ষণ পর বাড়ির পাশে একটি গাছে মনিরুজ্জামানের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে মনিরুজ্জামান তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন এবং পরে নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এটি আত্মহত্যা, না-কি হত্যাকাণ্ড—তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্বামী প্রথমে স্ত্রীকে হত্যা করে পরে আত্মহত্যা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *