আলিম মাদ্রাসায় অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, কৃতীদের পুরস্কার বিতরণ

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়া উপজেলার উজলী দীঘিরপার জামিউল উলুম আলিম মাদ্রাসায় অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি জহিরুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রতিষ্ঠানপ্রধান অধ্যক্ষ আকবর আলী শেখ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, জমিদাতা, গভর্নিং বডির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইসিটি শিক্ষক রফিকুল ইসলাম।

পবিত্র কোরআন তিলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

স্বাগত বক্তব্যে শিক্ষক মাওলানা জিয়াউল হক বলেন, সন্তানদের লেখাপড়ার বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর রাখা এবং তাদের সুশিক্ষা ও নৈতিক বিকাশে সচেতন ভূমিকা পালন করা প্রয়োজন।

ইংরেজি শিক্ষক আমিনুল ইসলাম বলেন, শুধু A+ অর্জনই শিক্ষার মূল লক্ষ্য নয়; একজন শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা ও মানবিক গুণাবলির বিকাশই প্রকৃত শিক্ষার উদ্দেশ্য। তিনি বলেন, রোল নম্বর এক হওয়া বা A+ পাওয়াই একজন শিক্ষার্থীর প্রকৃত সাফল্যের পরিচয় নয়। প্রকৃত শিক্ষা হলো অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করার সক্ষমতা অর্জন করা।

সভাপতির বক্তব্যে জহিরুল ইসলাম বাবু বলেন, প্রতিষ্ঠানের শিক্ষার মান ও ফলাফল আরও উন্নত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি অভিভাবকদের সন্তানদের নিয়মিত পড়াশোনার খোঁজখবর নেওয়া এবং ঘরে সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষক আন্তরিকতার সঙ্গে পাঠদান করবেন, অভিভাবক উৎসাহ ও সহযোগিতা করবেন—তবেই শিক্ষার্থীরা ভালো ফলাফল করবে এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।

তিনি আরও বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান শুধু পরিচালনা কমিটির মাধ্যমে এগিয়ে যেতে পারে না; শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাই সফলতার মূল চাবিকাঠি। তিনি আশা প্রকাশ করেন, এ প্রতিষ্ঠান থেকে ভবিষ্যতেও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের উপযোগী যোগ্য শিক্ষার্থী গড়ে উঠবে। পাশাপাশি অর্থনৈতিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

আইসিটি প্রভাষক শ্রাবণী আহমেদ মনিকা বলেন, অধ্যবসায় ও নিয়মিত পড়াশোনার মাধ্যমে ভালো ফল অর্জন সম্ভব। তিনি অপ্রয়োজনে সন্তানদের হাতে মোবাইল ফোন না দিয়ে তাদের জন্য উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

সমাপনী বক্তব্যে অধ্যক্ষ আকবর আলী শেখ বলেন, প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণি থেকে আলিম পর্যন্ত চার শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। এর মধ্যে প্রতিদিন উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত থাকে। অনুপস্থিত শিক্ষার্থীদের বিষয়ে নিয়মিত খোঁজ নেওয়া হয় এবং প্রয়োজনে তাদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি সন্তানের নিয়মিত উপস্থিতি ও পড়াশোনার অগ্রগতি নিশ্চিত করতে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে অর্ধবার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।