ঈদ সামনে রেখে গাজীপুরে মহাসড়ক থেকে ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদে যৌথবাহিনীর অভিযান

রোকুনুজ্জামান খান
বিশেষ প্রতিনিদি

print news

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যৌথবাহিনী অভিযান পরিচালনা করেছে।

সোমবার (২ জুন) সন্ধ্যা সাতটার দিকে গাজীপুরের ভবানীপুর এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে মহাসড়কের দু’পাশে অবৈধভাবে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকানপাট উচ্ছেদ করা হয়। এতে সড়কে যান চলাচলে বাধা অনেকটাই দূর হয়।

অভিযানে গাজীপুর সেনা ক্যাম্পের নেতৃত্বে সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের সমন্বয়ে একটি যৌথ দল অংশ নেয়।

সংশ্লিষ্টরা জানান, ঈদে যাত্রীর চাপ অনেক বেড়ে যায়। যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে এসব এলাকায় ফুটপাত ও সড়কের পাশে দোকান বসার কারণে যানজট লেগেই থাকত। অভিযান অব্যাহত থাকলে জনভোগান্তি অনেকটাই কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের আগে ও পরে যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

অভিযানের ধারাবাহিকতায় একই দিন সন্ধ্যা সাতটার পর ভবানীপুর বাজার এলাকায় একটি বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালানো হয়। ‘সুমন টিকিট কাউন্টার’ থেকে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া হয়। এ সময় উপস্থিত যাত্রীরা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিতভাবে প্রতিটি কাউন্টারে এমন অভিযান চালানোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *