
জুলাই বিপ্লবের বিজয়ের চেতনা ধারণ করে ফ্যাসিবাদের পুনরুত্থান প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ ও সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. অধ্যাপক এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।
বুধবার (৫ আগস্ট) বেলা ১১টায় গাজীপুর সদর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সদর উপজেলার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় আয়োজিত জুলাই বিপ্লবের বিজয় র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে তিনি বলেন, জেলার মাদক ব্যবসার নেতৃত্ব দিচ্ছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল। তিনি বিভিন্নভাবে সামাজিক অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছেন। তাই সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থেকে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, নিজেদের মধ্যে অনৈক্যের সুযোগ নিয়ে যেন কেউ ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটাতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে রক্তের বিনিময়ে আমরা যে গণতন্ত্র ফিরে পেয়েছি, জননেতা তারেক রহমানের নেতৃত্বে আসুন আমরা সারা দেশে সংগঠনকে আরও সুসংগঠিত করি। সবাই ঐক্যবদ্ধ হয়ে উপজেলা ও পৌরসভা নির্বাচনে একক প্রার্থীর মাধ্যমে বিজয় নিশ্চিত করি।
র্যালিতে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আত্মত্যাগকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি আহত ও সংগ্রামীদের আত্মত্যাগকে স্মরণ করে শোককে শক্তিতে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লী, সদস্য সচিব আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সদস্য জয়নাল আবেদীন রিজভী, সদর উপজেলা বিএনপির সদস্য ফজলুল হক মুসল্লী, আবুল বাসার, কাজী শহিদুল্লাহ, হাজী ইসমাইল হোসেন, হাবিবুর রহমান বেপারী, মিজানুর রহমান খোকন ও মুজিবুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাজিম সরকার, সদস্য সচিব এমারত মুসল্লী, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সোহাগ হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, সদস্য সচিব ইউনুছ আলী নছ মিয়া, সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আসাদুজ্জামান হারুন, সদর উপজেলা জাসাসের সদস্য সচিব জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
