গাজীপুরে একদিন আগে ঈদ উদযাপন রোধে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

রোকুনুজ্জামান খান
বিশেষ প্রতিনিদি

print news

গাজীপুর সদর উপজেলায় কুরআন-সুন্নাহ ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত অমান্য করে একদিন আগেই ঈদ উদযাপন এবং ধর্মীয় বিশৃঙ্খলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন হক্কানী ওলামায়ে কেরাম এবং ঈমানদার তাওহিদি জনতা।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১১টায় সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপর একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা পরে জয়দেবপুর থানার সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা “ঈদের আগে ঈদ নাই, ইসলামের বিধান নাই”—এমন স্লোগান দিতে থাকেন। কর্মসূচির অংশ হিসেবে আয়োজকরা একটি প্রতিবাদ সমাবেশ করেন এবং স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেন।

সমাবেশে বক্তারা বলেন, “ঈদের মতো জাতীয় ও ধর্মীয় বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চলছে, যা উম্মাহর ঐক্যে ফাটল ধরাতে পারে। শরিয়তের নামে বিশৃঙ্খলা বরদাশতযোগ্য নয়। আমরা বিভ্রান্তি নয়, শৃঙ্খলা চাই; উম্মাহর ঐক্য চাই।

স্মারকলিপিতে দাবি করা হয়, গাজীপুরের পূর্বডগরী এলাকার ‘সিরাজাম মুনিরা দারুল ইরফান দরবার শরীফ’-এর পরিচালক মাহবুবুর রহমান নামধারী এক ব্যক্তি দীর্ঘদিন ধরে শরিয়তের অপব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে আসছেন। তিনি নিয়মিতভাবে রমজান ও ঈদ একদিন আগেই পালন করে থাকেন, যার কোনো শরয়ি ভিত্তি নেই এবং দেশের স্বীকৃত কোনো ইসলামি প্রতিষ্ঠান বা আলেম সমাজ এ ধরনের কার্যক্রম সমর্থন করে না।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, মাহবুবুর রহমান আসন্ন ঈদুল আযহায়ও একদিন আগে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন, যা অতীতের মতো এবারও ধর্মীয় উত্তেজনা ও বিশৃঙ্খলার আশঙ্কা সৃষ্টি করছে।

বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, দ্রুত তদন্ত করে এই ধরনের অপতৎপরতা বন্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী একই দিনে ঈদের জামাত নিশ্চিত করতে হবে।

স্মারকলিপিতে সতর্ক করে বলা হয়, “যদি প্রশাসন কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে, তবে ঈমান, আক্বীদা ও উম্মাহর ঐক্য রক্ষার্থে তাওহিদি জনতা ও ওলামায়ে কেরাম প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে বাধ্য হবেন, যার দায় প্রশাসনকেই বহন করতে হবে।

এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, “আমরা একটি স্মারকলিপি পেয়েছি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *