
পাবনা সুজানগর প্রতিনিধি: পাবনার চরতারাপুরে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাই আরব মন্ডলের (৪৫) হাতুড়ির আঘাতে বড় ভাই আব্দুল ওহাব মন্ডল (৫০) নিহত হয়েছেন। বুধবার (৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এর আগে, রাত ৩টার দিকে চরতারাপুর ইউনিয়নের শুকচর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ওহাব শুকচর গ্রামের মৃত আব্দুল জব্বার মন্ডলের ছেলে। অভিযুক্ত আরব মন্ডল ১৫ দিন আগে মালয়েশিয়া থেকে বাড়ি ফিরেছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, ঘটনার রাতে আরব মন্ডল তার স্ত্রীর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে তাকে মারধর করছিলেন। বড় ভাই ওহাব মন্ডল এতে বাধা দেন এবং বলেন, “মেয়েটিকে মারধর না করে তার বাড়িতে খবর দে, যাতে তারা এসে নিয়ে যায়। সে যদি মারা যায়, তবে বিপদ হবে।” এতে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই আরব প্রথমে ওহাবকে মারধর করেন এবং পরে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় ওহাবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার পর স্থানীয়রা আরব মন্ডলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
নিহতের শ্যালক আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, “এর আগেও আমার দুলাভাইকে হত্যার উদ্দেশ্যে মারধর করেছে আরব। এবার পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি তার ও তার স্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
