শ্রীপুরে বসতভিটা রক্ষায় ভূমিহীন কয়েক হাজার পরিবারের মানববন্ধন

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

গাজীপুরের শ্রীপুরে শতবর্ষ ধরে পিতৃপুরুষের বসতভিটা রক্ষায় ভূমিহীন, অসহায় ও হতদরিদ্র কয়েক হাজার নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। সম্প্রতি বন বিভাগের দেওয়া উচ্ছেদ নোটিশের পর বসতভিটা হারানোর আশঙ্কায় এ কর্মসূচি পালন করেন উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দারা।

২২ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলী গ্রামের মুরগীর বাজার এলাকায় প্রায় এক কিলোমিটার সড়কজুড়ে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

শতবর্ষী ভূমিহীন কাজিম উদ্দিন বলেন, “আমাদের কোনো নিজস্ব জমি নেই। সরকারি জমিতে শত বছরের বেশি সময় ধরে আমরা বসবাস করছি। হঠাৎ করে বন বিভাগ আমাদের বসতবাড়ি ছেড়ে দিতে নোটিশ দিয়েছে। আমরা স্ত্রী-সন্তান নিয়ে কোথায় যাব? খোলা আকাশের নিচে ছাড়া আর কোনো উপায় দেখছি না।”

ষাটোর্ধ্ব নারী সখিনা বানু বলেন, “আমাদের চোখের জলের যেন কোনো মূল্য নেই। স্বামীর ভিটেমাটি ছাড়ার নোটিশ পেয়েছি। এই বয়সে কোথায় যাব? শ্বশুরের পর স্বামীও এই ভিটায় মারা গেছেন। এখন শেষ বয়সে এসে ঘর ছাড়ার নোটিশ পেয়ে মনটা ভেঙে গেছে। আমরা তো বন বিভাগের কোনো গাছ কেটে ঘর বানাইনি, তাহলে এই জুলুম কেন?”

পেলাইদ গ্রামের বাসিন্দা মমিন বলেন, “আমাদের জমির সঙ্গে বন বিভাগের জমির সীমানা নিয়ে জটিলতা রয়েছে। সম্প্রতি উচ্ছেদ অভিযানের খবর শুনে আমরা আতঙ্কে আছি—কখন ভিটেমাটি ছাড়তে হয় কে জানে!”

বৃদ্ধা রেজিয়া খাতুন বলেন, “এটা গরিবদের ওপর কী ধরনের জুলুম! এই বয়সে বসতভিটার জন্য রাস্তায় দাঁড়িয়ে কান্না করতে হবে! সরকার যেন আমাদের প্রতি দয়া করে। আমাদের ছোট ছোট খুপরি ঘরগুলো যেন রক্ষা পায়। আমাদের কোনো নিজস্ব জমি নেই, বহু বছর ধরে সরকারি বনভূমিতে বসবাস করছি।”

এ বিষয়ে শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মো. মোকলেছুর রহমান বলেন, “অবৈধভাবে বনভূমিতে গড়ে ওঠা বসতবাড়ি উচ্ছেদের অংশ হিসেবে যৌথবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করবে। যেসব পরিবার বনভূমি জবরদখল করে বসবাস করছে, তাদের ঘরবাড়ি ছেড়ে দিতে এবং মালামাল সরিয়ে নিতে নোটিশ প্রদান করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *