ওসি আব্দুল হালিমের ব্যতিক্রমী ঈদ: বৃদ্ধাশ্রমে নিঃসঙ্গতার মাঝে ভালোবাসার ছোঁয়া

রোকুনুজ্জামান খান
বিশেষ প্রতিনিদি

print news

সবাই যখন ঈদের আনন্দে মাতোয়ারা, তখন গাজীপুরের হোতাপাড়া মনিপুর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে অনেকের সময় কাটছে নিঃসঙ্গতায় ও চোখের জলে। পরিবার-পরিজনের জন্য জীবনভর ভালোবাসা ও ত্যাগ স্বীকার করেও শেষ জীবনে এসে একাকীত্বই তাদের সঙ্গী। নতুন পোশাক ও বিশেষ খাবার পেলেও ঈদের উৎসব যেন ছুঁয়ে যায় না তাদের হৃদয়।

তবে, এই বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এগিয়ে এসেছেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম। তিনি নিজে উপস্থিত থেকে তাদের সঙ্গে সময় কাটান, খোঁজখবর নেন এবং খাবার বিতরণ করেন।

ওসি আব্দুল হালিম বলেন, “পারিবারিক নানা জটিলতার কারণে এসব বয়োজ্যেষ্ঠ মানুষ বৃদ্ধাশ্রমে ঠাঁই নিয়েছেন। জীবনভর পরিবারকে ভালোবাসা ও সেবা দেওয়া এই প্রবীণরা আজ নিঃসঙ্গ। শেষ বয়সে তাদের প্রাপ্য ছিল ভালোবাসা, যত্ন আর স্নেহ। কিন্তু বাস্তবতা অনেকের জন্যই নির্মম।”

তিনি আরও বলেন, “ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমাদের সকলের। আমরা যদি পরিবারে থাকা প্রবীণদের প্রতি আরও যত্নবান হই, তাহলে হয়তো এমন অনেক বাবা-মাকে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে হবে না।”

ঈদের দিনে এমন ব্যতিক্রমী উদ্যোগে বৃদ্ধাশ্রমের বাসিন্দারাও কিছুটা আনন্দ পেয়েছেন। তবে তাদের চোখে ছিল হারানোর বেদনা, আর হৃদয়ে ছিল পরিবারকে ফিরে পাওয়ার আকুতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *