
স্টাফ রিপোর্টার: গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় রাজনৈতিক বিরোধের জেরে এক বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে। ভুক্তভোগী ফারুক হোসাইন (৩৫) এ বিষয়ে জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, পূর্ব শত্রুতার জেরে গত ৫ এপ্রিল দুপুর আড়াইটার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ ফারুক হোসাইনের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির গেট, গ্যারেজ, ইটের দেয়াল, দরজা-জানালা ও গ্রিল ভাঙচুর করে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এসময় ফারুক ও তার পরিবারের সদস্যরা প্রাণভয়ে ঘরের ভেতর আশ্রয় নেন।
লিখিত অভিযোগে অভিযুক্তদের মধ্যে রয়েছেন—মো. রাজু মিয়া (৫২), মো. মোশারফ হোসেন (৪০), মো. ওবাইদুল ইসলাম সুমন (২৩), সাব্বির হোসেন ইমন (২০), জাহিদুল ইসলাম (২৮), সাইফুল ইসলাম (২২) এবং আরও ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি। ফারুকের দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জমি দখলের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে।
ফারুক হোসাইন বলেন, “আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তারা আমাকে দোষারোপ করে যে, আগের সরকারের সময় করা মামলাগুলোর পেছনে আমার হাত আছে। এ কারণে তারা আমার ওপর হামলা চালিয়েছে। অথচ আমি এসব বিষয়ে কিছুই জানি না।”
তিনি আরও জানান, সরকারি রাস্তা বাঁশ দিয়ে ঘিরে ফেলার চেষ্টা করলে তিনি বাধা দেন। তখনই অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে অভিযুক্তরা হুমকি দেয়, সরকারি রাস্তা জোরপূর্বক দখল করবে এবং ফারুকের পরিবারের চলাচলে বাধা সৃষ্টি করবে।
অন্যদিকে অভিযুক্তদের দাবি, তারা কাউকে হামলা করেনি। তাদের ভাষ্য, “আমরা শুধু নিজেদের জমির পাশে বাঁশ দিয়ে ঘেরা দিয়েছি। ফারুক নিজেই তার বাড়ি ভেঙে আমাদের ফাঁসানোর জন্য নাটক সাজিয়েছে।”
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
