গাজীপুরে সার সংকট নিয়ে উপজেলা বিএনপির লিফলেট বিতরণ

print news

গাজীপুর সদর উপজেলায় সার সংকটের বিভিন্ন কারণ ও করণীয় তুলে ধরে লিফলেট বিতরণ করেছে গাজীপুর সদর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার বাঘের বাজার এলাকায় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে এসব লিফলেট বিতরণ করা হয়।

এ সময় দেশে সার সংকটের বিভিন্ন কারণ, সরকারের নেওয়া পদক্ষেপ এবং সংকট মোকাবিলায় বিভিন্ন করণীয় তুলে ধরা হয়।

লিফলেটে বলা হয়েছে, কৃত্রিম সংকট, অবৈধ মজুত ও বেশি দামে সার বিক্রি ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে। অনিয়মে জড়িতদের জরিমানা ও শাস্তির পাশাপাশি প্রয়োজন হলে ডিলারশিপ বাতিলের ব্যবস্থার কথাও উল্লেখ করা হয়েছে। কৃষকের কাছে সময়মতো সার পৌঁছাতে সরকারি গুদামে পর্যাপ্ত মজুত রাখা এবং প্রয়োজন অনুযায়ী নতুন করে সার আমদানির অনুমোদন দেওয়ার বিষয়টিও তুলে ধরা হয়েছে।

লিফলেটে আরও বলা হয়, সংশোধিত সার ডিলার নীতিমালার আওতায় একজন ব্যক্তি একাধিক ডিলারশিপ রাখতে পারবেন না। ডিলারের নিজস্ব গুদাম ও বিক্রয়কেন্দ্র থাকা বাধ্যতামূলক করা হয়েছে। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে সার সরবরাহ ও বিক্রির ওপর নিয়মিত নজরদারির কথাও উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া কৃষকের কাছে সরকারি সহায়তা সরাসরি পৌঁছে দিতে কৃষক কার্ড চালু, ধাপে ধাপে দেশের সব কৃষককে এর আওতায় আনা এবং অতিরিক্ত ইউরিয়া ব্যবহারের পরিবর্তে সুষম ও জৈব সার ব্যবহারে কৃষকদের উৎসাহিত করার প্রস্তাব তুলে ধরা হয়েছে।

দীর্ঘমেয়াদি উদ্যোগ হিসেবে সার কারখানায় নিয়মিত গ্যাস সরবরাহ ও উৎপাদন বাড়ানো, পুরোনো সার কারখানা আধুনিকায়ন, নতুন গ্যাস-সাশ্রয়ী কারখানা স্থাপন এবং সৌদি আরব, কানাডা, রাশিয়া ও মরক্কোসহ বিভিন্ন দেশ থেকে সার আমদানির মাধ্যমে এক বা দুটি দেশের ওপর নির্ভরতা কমানোর কথা বলা হয়েছে।

লিফলেটে সার সরবরাহের তথ্য সংরক্ষণে বারকোড বা কিউআর কোড ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা, পর্যাপ্ত সার মজুত গড়ে তোলা এবং সমন্বিত জাতীয় সার নিরাপত্তা কৌশল প্রণয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। এ সময় নেতাকর্মীরা সার সংকটের বিভিন্ন দিক সাধারণ মানুষের সামনে তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্যসচিব আবু বকর সিদ্দিক, আহ্বায়ক সদস্য শাহাবুদ্দিন, কাজী শহিদুল্লাহ, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুজিবুর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ, হাজি আরিফ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুছ আলী নছ মিয়া, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম, ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।