ফরিদপুরে নিক্সনের সহযোগী গ্রেফতার

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদারকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। তিনি সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সনের সহযোগী হিসেবে পরিচিত।

শনিবার (২৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে শহরের কমলাপুরস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

স্থানীয়রা জানান, গ্রেফতার শামীম তার এলাকায় ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের সহযোগী। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফরিদপুরের তিন সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন, শাহদাব আকবর লাবু চৌধুরী, আব্দুর রহমানসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২৫ জনের নামে ফরিদপুর কোতয়ালি থানায় মামলা করা হয়।

মামলায় অজ্ঞাতনামা হিসেবে ৪০০ জনকে আসামি করা হয়। ওই মামলার ৯৮ নম্বর আসামি হিসেবে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদারের (৪৫) নাম রয়েছে।

গত ১০ অক্টোবর ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের বিলমামুদপুর গ্রামের মুজাহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর ইকবাল জানান, শামীম তালুকদারকে রোববার আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *