
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে মাদকের বিরুদ্ধে শপথ নিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকালে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা মাদক নিবারণ করি’ (আমানিক)-এর উদ্যোগে উপজেলার ঐতিহ্যবাহী পিপলা কান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্বেচ্ছাসেবীদের শপথবাক্য পাঠ করান হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য মণ্ডল।
এর আগে বিদ্যালয়ের মাঠে প্রধান শিক্ষক মো. নাজমুল হক ভূঁইয়ার সভাপতিত্বে, হোসেনপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক এবিএম সিদ্দিক চঞ্চলের সঞ্চালনায়, মাদকবিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও অনিন্দ্য মণ্ডল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমানিকের সদস্য সচিব মিজানুর রহমান মামুন, হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, মাওলানা কলিমুল্লাহ, সহকারী শিক্ষক মো. নূরুল ইসলাম, সদস্য রিপন রাজ এবং নবম শ্রেণির শিক্ষার্থী লায়লাতুল আক্তার প্রমুখ।
