
বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কাস্টম হাউসের জন্য জাতীয় রাজস্ব বোর্ড চলতি ২০২৪-২৫ অর্থবছরে ৬ হাজার ৭০৫ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৫৪৩ কোটি ৩০ লাখ টাকা। তবে আদায় হয়েছে ১ হাজার ৩০৩ কোটি ৮৮ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২৩৯ কোটি ৪২ লাখ টাকা কম। এ সময়ে ৩ লাখ ৮২ হাজার ৬১৫ মেট্রিক টন পণ্য আমদানি এবং ৯ হাজার ৬৪৯ মেট্রিক টন পণ্য রপ্তানি হয়েছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মাহামুদ বিপুল জানান, বৈশ্বিক মন্দা, ডলারের ঊর্ধ্বমুখী মূল্য এবং সংকটের কারণে বাণিজ্যিক ব্যাংকগুলো কয়েক বছর ধরে এলসি (লেটার অব ক্রেডিট) কমিয়ে দিয়েছে। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে অনেক ব্যবসায়ী আমদানি কমিয়ে দিয়েছেন। তবে আশা করা হচ্ছে, সামনের মাসগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।
যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মিজানুর রহমান খান বলেন, সরকার পরিবর্তনের ফলে বাণিজ্যে কিছুটা ছন্দপতন হয়েছে। ব্যবসায়ীরা দেশের পরিস্থিতির দিকে নজর রাখছেন। এছাড়া ডলারের উচ্চমূল্যও বাণিজ্যে প্রভাব ফেলছে। তবুও আশা করা যায়, সামনের মাসগুলোতে বাণিজ্যে গতি আসবে।
বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহ-সভাপতি আমিনুল হক জানান, আগস্ট মাসে সরকার পরিবর্তনের পর ব্যবসায়ীরা দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। অনুকূল পরিবেশ থাকলে সামনে বাণিজ্যের গতি বাড়বে।
বেনাপোল কাস্টমস সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে ১৪ লাখ ৪৫ হাজার মেট্রিক টন, ২০২১-২২ অর্থবছরে ২১ লাখ ১৪ হাজার মেট্রিক টন, ২০২০-২১ অর্থবছরে ২৬ লাখ ৪৪ হাজার মেট্রিক টন, ২০১৯-২০ অর্থবছরে ২০ লাখ ৩৮ হাজার ৬৪ মেট্রিক টন, এবং ২০১৮-১৯ অর্থবছরে ২০ লাখ ১১ হাজার ৬ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছিল।
ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট ইমপোর্ট-এক্সপোর্ট কমিটির পরিচালক মতিয়ার রহমান জানান, জুলাই-আগস্টে দেশের রাজনৈতিক আন্দোলনের কারণে ব্যবসায়ীরা আমদানি কমিয়ে দিয়েছিলেন। তবে সামনে আমদানি-রপ্তানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা রাজস্ব আদায়েও ইতিবাচক প্রভাব ফেলবে।
বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার সাফায়েত হোসেন বলেন, গত জুলাই-আগস্টে দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসায়ীরা আমদানি থেকে বিরত ছিলেন। এখন ডলারের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় আশা করা হচ্ছে সামনের মাসগুলোতে ব্যবসায়ীরা পুরোদমে বাণিজ্য শুরু করবেন, ফলে রাজস্ব আদায়ও বৃদ্ধি পাবে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
